কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন নারীরা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে এ মিছিল অনুষ্ঠিত হয়।
রোববার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের বটতৈল মোড় থেকে ঝাড়ু মিছিলটি শুরু হয়ে চৌড়হাস এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নারীরা মুফতি আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, একজন আলেম হয়ে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা বলেন, “একজন মৃত মানুষকে নিয়ে এমন বক্তব্য কোনো আলেম দিতে পারেন না।”
এর আগে গত শুক্রবার আরাফাত রহমান কোকোকে নিয়ে মুফতি আমির হামজার দেওয়া একটি ২৪ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর মুফতি আমির হামজা তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে ব্যাখ্যা দেন। সেখানে তিনি লেখেন, মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে তাঁর অনাকাঙ্ক্ষিত বক্তব্যটি ২০২৩ সালের। সে সময় একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণ দিতে ভুল হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেছিলেন এবং এখন আবারও দুঃখ প্রকাশ করছেন। তবে পুরোনো বক্তব্যকে সামনে এনে নির্বাচনকালীন বক্তব্য হিসেবে প্রচার করা একটি ষড়যন্ত্র বলেও তিনি দাবি করেন। তাঁর মতে, রাজনৈতিক স্বার্থ হাসিল করতে গিয়ে একটি পক্ষ নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও ছাড় দেয়নি।
এ ঘটনার প্রতিবাদে এর আগে শনিবার কুষ্টিয়া শহরে ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।
-এমইউএম










