প্রধান উপদেষ্টা ও জামায়াত আমিরের বৈঠক আজ সন্ধ্যায়

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’য় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জামায়াত সূত্র নিশ্চিত করেছে যে, আমিরের নেতৃত্বে ৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেবেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন:
ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (নায়েবে আমির), মিয়া গোলাম পরওয়ার (সেক্রেটারি জেনারেল), মাওলানা রফিকুল ইসলাম খান (সহকারী সেক্রেটারি জেনারেল)।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত নেতাদের আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে দ্বৈত নাগরিকত্ব ও নির্বাচনী বিধিমালা নিয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক তৎপরতা এবং ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমের প্রেক্ষাপটে এই বৈঠকটি রাজনৈতিক মহলে বেশ গুরুত্ব বহন করছে।
এর আগে বিভিন্ন সময়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংলাপে জামায়াতে ইসলামী রাষ্ট্রের সংস্কার ও নির্বাচন ইস্যুতে তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেছে। আজকের বৈঠকেও সেই ধারাবাহিকতায় নতুন কোনো প্রস্তাব বা দেশের সমসাময়িক সংকট উত্তরণে দলটির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হতে পারে।
লামিয়া আক্তার