জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাছউদ বলেছেন, সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, তবে কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করেনি। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানিকালে আইনজীবীদের যুক্তিতর্কের এক পর্যায়ে তিনি এ মন্তব্য করেন।
টাঙ্গাইল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন ওই আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী। শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী দাবি করেন, নিষিদ্ধ দলের নেতা হওয়ায় আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না।
এর জবাবে নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাছউদ বলেন, “পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করা হয়নি।” পরে সব পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশন আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা বহাল রাখার সিদ্ধান্ত দেয়।
রোববার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করা আপিলের শেষ দিনের শুনানি শুরু হয়।
উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তির সময়সীমা ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।
-এমইউএম










