উত্তরা ট্র্যাজেডির পর এবার জিগাতলায় আগুন: নিয়ন্ত্রণে ২ ইউনিট

রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুর শোকাবহ সংবাদের মধ্যেই এবার জিগাতলার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে জিগাতলা এলাকার একটি চারতলা ভবনে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে জিগাতলার ওই আবাসিক ভবনে আগুন লাগার সংবাদ পায় নিয়ন্ত্রণ কক্ষ। চারতলা ভবনটির তৃতীয় তলায় আগুনের শিখা দেখা যায়। তাৎক্ষণিকভাবে হাজারীবাগ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। দুপুর ২টা ৫০ মিনিটের দিকে তারা কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন যেন পাশের ভবনগুলোতে ছড়িয়ে না পড়ে সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ কিংবা ক্ষয়ক্ষতির কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে সকালে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ছয়তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজনসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই জিগাতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা নগরবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বারবার বৈদ্যুতিক সরঞ্জাম ও গ্যাসের চুলা ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন।
লামিয়া আক্তার