দেশজুড়ে যৌথ বাহিনীর বড় অভিযান: বিপুল পরিমাণে অস্ত্র ও ককটেল উদ্ধার

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত এক সপ্তাহে পরিচালিত বিশেষ অভিযানে ৩২৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। ৯ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। আটককৃতদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ডাকাত, কিশোর গ্যাং সদস্য ও চোরাকারবারিসহ মোট ৩২৫ জন অপরাধীকে হাতেনাতে আটক করা হয়েছে।
আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে: ২৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র। ৪১৯ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ। ১৪টি তাজা ককটেল। প্রচুর পরিমাণ দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আটক ব্যক্তিদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে দেশের শিল্পাঞ্চলগুলোতে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা অভিযান পরিচালনা করছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে সাধারণ মানুষকে নিকটস্থ সেনাক্যাম্পে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
লামিয়া আক্তার