নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থী আবদুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা, চাপাতিসহ যুবক আটক

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সমর্থন প্রত্যাশী অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আল আমীন ওরফে আক্কা বাক্কা আলামিন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। যুবকের কাছ থেকে একটি বড় চাপাতি উদ্ধার করে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক যুবক গাইবান্ধার বল্লমজা এলাকার মো. সিদ্দিক ও নুর জাহান দম্পতির ছেলে। বর্তমানে তারা বাশমুলি এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

ঘটনার বিবরণ: নেতাকর্মীরা জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে প্রার্থী আবদুল্লাহ আল আমিন কাশিপুর বাশমুলি এলাকায় সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করছিলেন। এসময় এক যুবককে সন্দেহজনকভাবে প্রার্থীর পেছনে অনুসরণ করতে দেখা যায়। সন্দেহ হলে উপস্থিত নেতাকর্মীরা তাকে ধরে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তার জামার নিচ থেকে একটি বড় চাপাতি উদ্ধার করা হয়।

ধরা পড়ার পর ঐ যুবক পালানোর চেষ্টা করলে এনসিপির দুই কর্মী আহত হন। আহতরা হলেন— ফতুল্লা থানা যুবশক্তির সংগঠক আবু তাহের (২২) ও মহানগর ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব মারুফ (২১)। তবে নেতাকর্মীদের তৎপরতায় প্রার্থী আবদুল্লাহ আল আমিনকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
স্থানীয়রা জানান, ঐ যুবককে গণপিটুনি দেওয়া হলে সে স্বীকার করে যে, জনৈক এক ‘বড় ভাই’ তাকে চাপাতি দিয়ে হামলার জন্য সেখানে পাঠিয়েছে। এর কিছুক্ষণের মধ্যে তার সহযোগীরা এসে তাকে ছিনিয়ে নিয়ে গেলেও পরবর্তীতে পুলিশি অভিযানে সে পুনরায় আটক হয়।

পুলিশের বক্তব্য: ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি টিম গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, হামলার চেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মাহমুদ কাওসার
নারায়ণগঞ্জ।