বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারীভাবে বিজয়ী বিভিন্ন আসনের এমপিদের সৌজন্য সাক্ষাৎ

সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থীরা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিভিন্ন আসনের সংসদ সদস্যরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। নির্বাচনে দলীয় প্রার্থীদের বিপুল বিজয়ের পর বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ে এমপিরা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের আশাবাদ ব্যক্ত করেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে জয়ী হয়েছেন। এর আগে ২০০১ সালে চারদলীয় জোটের অধীনে নির্বাচনে অংশ নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল বিএনপি। ওই নির্বাচনে বিএনপি একাই পেয়েছিল ১৯৩টি আসন। আর জোটের শরিকসহ তাদের মোট আসন ছিল ২১৬। তখন প্রধানমন্ত্রী হয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া।

এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে ২০৯টি। জোটের শরিকেরা পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২।

-মেহেরীন //