নাহিদ ইসলামের অফিসের পাশে গুলি

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাংগঠনিক অফিসের পাশে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটলে এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ ও সংশ্লিষ্ট রাজনৈতিক দল নিশ্চিত করেছে যে, এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. নাসিরুল আমিন জানান, মঙ্গলবার রাতে বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে এই গোলাগুলির ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে যে, পাওনা টাকা আদায় অথবা চাঁদা সংগ্রহের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এই গুলি চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাটি এনসিপির আহ্বায়কের অফিসের পাশে হওয়ায় রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়ালেও দলের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে। এনসিপির মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম জানান, যেখানে গুলি চালানো হয়েছে সেটি ৩৮ নম্বর ওয়ার্ডের একটি সাংগঠনিক অফিস, নাহিদ ইসলামের ব্যক্তিগত বা সরাসরি কোনো নির্বাচনী অফিস নয়। দলগতভাবে তারা বিষয়টিকে নিছক একটি অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবেই দেখছেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজেও এই মতের সঙ্গে একমত পোষণ করেছেন। তিনি জানান, গুলিবর্ষণের এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটি মূলত চাঁদাবাজির সঙ্গে সম্পর্কিত একটি অপরাধ।

বর্তমানে বাড্ডা এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে ইতোমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। জননিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

-এম. এইচ. মামুন