অন্তর্বর্তী কোচ হিসেবে ম্যানইউতে মাইকেল ক্যারিক

রুবেন আমোরিমের বিদায়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ কে হবেন তা নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। সেই গুঞ্জনে ছিলেন সাবেক দুই ইউনাইটেড তারকা মাইকেল ক্যারিক ও ওলে গুনার সুলশার। শেষ পর্যন্ত চলতি ২০২৫–২৬ মৌসুমের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে মাইকেল ক্যারিকের সঙ্গে নীতিগত চুক্তিতে পৌঁছেছে ক্লাবটি। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আগামী শনিবার ম্যানচেস্টার ডার্বিতে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইউনাইটেডের ডাগআউটে দেখা যাবে ক্যারিককে। সাবেক এই ইংলিশ মিডফিল্ডারের জন্য এটি হবে দ্বিতীয় দফায় ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মুহূর্ত।

মাইকেল ক্যারিককে ইউনাইটেডের ‘ঘরের ছেলে’ বললে ভুল হবে না। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ক্লাবটির জার্সিতে তিনি খেলেছেন ৪৬৪ ম্যাচ। এই সময়ে একটি চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন পাঁচটি প্রিমিয়ার লিগ শিরোপা।

কোচ হিসেবেও একেবারে নতুন নন ক্যারিক। ২০২১ সালে ওলে গুনার সুলশারের বিদায়ের পর অন্তর্বর্তী দায়িত্বে তিন ম্যাচে ইউনাইটেডকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেই সময়ে দুটি জয় ও একটি ড্র এনে দেন। পরবর্তীতে মিডলসবরোতে ১৩৬ ম্যাচ কোচিং করিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই ইংলিশ কোচ।

তবে এবার ক্যারিক দায়িত্ব নিচ্ছেন ইউনাইটেডের ইতিহাসের অন্যতম কঠিন সময়ে। গত ১১১ বছরের মধ্যে সবচেয়ে বাজে সময় পার করছে ক্লাবটি বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে এত বড় ক্লাবের সমর্থকদের প্রত্যাশা ও চাপ কতটা সামলাতে পারবেন, সেটিই এখন বড় প্রশ্ন।

অন্তর্বর্তী কোচ হিসেবে ক্যারিকের মূল লক্ষ্য থাকবে দলকে চ্যাম্পিয়নস লিগের জায়গায় পৌঁছে দেওয়া। বর্তমানে সেই কাঙ্ক্ষিত স্থানের থেকে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে রেড ডেভিলরা।

ম্যানচেস্টার ডার্বির পর ক্যারিকের সামনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ২৫ জানুয়ারি লিগের শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড।

-এমইউএম