নতুন বছরের শুরুতেই মহাকাশ অভিযানে বড় ধরণের ধাক্কা খেয়েছে ভারত। পুরো মিশনটি ব্যর্থ বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও, স্পেনের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান ‘অরবিটাল প্যারাডাইম’ ব্যতিক্রমী এক সাফল্যের খবর জানিয়েছে। প্রতিষ্ঠানটির তৈরি ‘কেস্ট্রেল ইনিশিয়াল ডেমোনস্ট্রেটর’ (কিড) নামক একটি ছোট ক্যাপসুল প্রতিকূলতার মাঝেও রকেট থেকে সফলভাবে বিচ্ছিন্ন হতে পেরেছে। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পিএসএলভি-সি৬২ মিশন তৃতীয় ধাপে গিয়ে ব্যর্থ হয়েছে। রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, পিএসএলভি রকেটের সফল উৎক্ষেপণ হলেও ১৫টি স্যাটেলাইট হারিয়ে গেছে যান্ত্রিক ত্রুটির কারণে।
সোমবার পিএসএলভি-সি৬২ উৎক্ষেপণের পর প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, রকেটে থাকা সব পেলোড—এর মধ্যে ভারতের গুরুত্বপূর্ণ নজরদারি স্যাটেলাইট ‘অণ্বেষা’সহ সব নষ্ট হয়ে গেছে। তবে মঙ্গলবার (১৩ জানুয়ারি) অরবিটাল প্যারাডাইম এক্স (সাবেক টুইটার) জানায়, সব প্রতিকূলতার মাঝেও ‘কিড’ ক্যাপসুলটি আলাদা হয়ে সক্রিয় হয়েছে এবং প্রয়োজনীয় টেলিমেট্রি ডেটা পাঠিয়েছে।
প্রতিষ্ঠানটির পোস্টে বলা হয়, ‘সব বাধা পেরিয়ে আমাদের কিড ক্যাপসুল পিএসএলভি-সি৬২ থেকে বিচ্ছিন্ন হতে পেরেছে, চালু হয়েছে এবং ডেটা পাঠিয়েছে। আমরা এর গতিপথ পুনর্গঠন করছি। এই বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে।
সূত্র : এনডিটিভি।
-মামুন










