মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২৬ এর আওতায় এ প্রতিযোগিতার আয়োজন করে মানিকগঞ্জ জেলা ক্রীড়া অফিস।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে শাকরাইল উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হওয়া এ প্রতিযোগিতায় উপজেলার মোট ৬টি স্কুল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী স্কুলগুলো হলো শাকরাইল উচ্চ বিদ্যালয়, বেজপাড়া উচ্চ বিদ্যালয়, ঢাকাইজোড়া হাজি কোরবান আলী মেমোরিয়াল ইনস্টিটিউট, বরংগাইল গোপালচন্দ্র উচ্চ বিদ্যালয়, রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় এবং নালী বড়রিয়া কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়।
ফাইনাল খেলায় নালী বড়রিয়া কৃশ্ন চন্দ্র উচ্চ বিদ্যালয় ও বরংগাইল গোপালচন্দ্র উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ২–০ সেটে বরংগাইল গোপালচন্দ্র উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নালী বড়রিয়া কৃশ্ন চন্দ্র উচ্চ বিদ্যালয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান খান, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং শাকরাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মানিকগঞ্জ, ফেরদৌসী আক্তার বন্যা। বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ জীবনযাপনের পাশাপাশি শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারে।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
মানিকগঞ্জ প্রতিনিধি










