শৈত্যপ্রবাহে কাপছে পঞ্চগড়,তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

পঞ্চগড় জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রার পারদ নেমে এসেছে ৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে শৈত্যপ্রবাহ থাকলেও আজ সকাল থেকেই সূর্যের দেখা মিলেছে।

আবহাওয়া অফিস জানায়, গত পাঁচ দিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। কখনো মৃদু, কখনো মাঝারি শৈত্যপ্রবাহ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) ৬ দশমিক ৮ ডিগ্রি, শনিবার (১০ জানুয়ারি) ৮ দশমিক ৩ ডিগ্রি, রবিবার (১১ জানুয়ারি) ৭ দশমিক ৩ ডিগ্রি এবং সোমবার (১২ জানুয়ারি) ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, শীত মৌসুমে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২১ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসের কারণে দিন ও রাতে কনকনে শীত অনুভূত হচ্ছে। জানুয়ারি মাসজুড়ে শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে।

 

-এমইউএম