ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী আলমগীরের মনোনয়ন প্রত্যাহার, রাজনীতিতে নতুন মেরুকরণ

ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে আইনজীবী আমিরুল ইসলাম বাছেতের মাধ্যমে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন দাখিল করেন। জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রিটার্নিং অফিসার ও ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, নির্বাচনী বিধি অনুযায়ী গোলাম নবী আলমগীরের দাখিল করা প্রত্যাহারের আবেদনটি গ্রহণ করা হয়েছে। আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, গত ২৮ ডিসেম্বর তিনি ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন, যা ৩ জানুয়ারি যাচাই-বাছাইয়ে বৈধ হিসেবে ঘোষণা করা হয়। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি স্বেচ্ছায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ১১ জানুয়ারি স্বাক্ষরিত আবেদনটি সোমবার আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়।

এদিকে গোলাম নবী আলমগীরের মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করে ভোলার রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মনে করা হচ্ছে, বিএনপি ও জোটের শরিক দল বাংলাদেশ জায়াপীর (বিজেপি) মধ্যে সমন্বয় আরও জোরদার হবে। এতে জোটের প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় এগিয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে অন্যদিকে কেউ কেউ মনে করছেন, বিএনপি প্রার্থী সরে দাঁড়ানোয় মাঠে দলটির অনেক নেতা–কর্মীর উপস্থিতি কমে যেতে পারে।

একই আসনে বিএনপির গোলাম নবী আলমগীর এবং জোটের শরিক দল বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ উভয়েই মনোনয়নপত্র জমা দেওয়ায় স্থানীয় রাজনীতিতে উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করছিল। কর্মী–সমর্থকদের মধ্যে মতবিরোধ এবং সাধারণ ভোটারদের মাঝেও নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। মনোনয়নপত্র প্রত্যাহারের মধ্য দিয়ে সেই টানাপোড়েনের অবসান ঘটেছে। এখন জোটের সব শক্তি আন্দালিব রহমান পার্থর পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

মোঃ বিল্লাল হোসেন জুয়েল, ভোলা