বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার করতে না পারা সরকারের একটি বড় ব্যর্থতা। দেশে সম্প্রতি সহিংসতা ও খুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি এখনো হয়নি। তবে নির্বাচনের সময় ঘনিয়ে এলে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গণভোট ও ৩১ দফা প্রসঙ্গে: গণভোটের প্রচার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল স্পষ্ট জানিয়ে দেন, “গণভোটের প্রচারণার দায়িত্ব বিএনপির নয়। জনগণের দায়িত্ব ভোট দেওয়া, তারা ‘হ্যাঁ’ বা ‘না’ যা ঠিক করবেন সেটাই হবে।” তিনি আরও বলেন, বর্তমানে সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিচ্ছে, তার অধিকাংশ আগে থেকেই বিএনপির ৩১ দফার মধ্যে রয়েছে। ৩১ দফার বাইরে নতুন কোনো সংস্কারের প্রয়োজন নেই উল্লেখ করে তিনি সবাইকে এই প্রস্তাবনাটি পড়ার অনুরোধ জানান।
তিস্তা ও ভারত সম্পর্ক: তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে মহাসচিব বলেন, “তিস্তা সমস্যার দীর্ঘকাল সমাধান হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে কার্যকর আলোচনা করা হবে। এটি আমাদের অঙ্গীকার।” এছাড়া ভারত-বাংলাদেশ ক্রিকেট বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, ক্রিকেটারদের অপমান করা হলে ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নেবে, বিএনপি তার সঙ্গে একমত। তবে ছোটখাটো বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করাই শ্রেয়।
তারেক রহমানের সফর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর নিয়ে তিনি বলেন, “তারেক রহমান অবশ্যই আসবেন। তিনি বগুড়া ও দিনাজপুর সফরের পাশাপাশি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।”
নির্বাচনী আমেজ নিয়ে ফখরুল বলেন, এখন দলগুলো সাংগঠনিক কাজ ও মনোনয়ন গোছাচ্ছে। প্রচারণা শুরু হলেই নির্বাচনের প্রকৃত আমেজ বোঝা যাবে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।