বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।
তিনি আরও জানান, রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময়ে উভয়ের মধ্যে ভ্রাতৃপ্রতিম দুদেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আসন্ন হজ নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশ-সৌদি আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে। সাক্ষাতের সময় পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে অফিস করতে আসেন। এ সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
-জোহা










