বিএনপি বাংলাদেশকে মেধা ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গড়বে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করে মানুষ একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে সহায়তা করবে।

শনিবার দুপুরে কক্সবাজারের চকরিয়ার সুরাজপুরে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা তরুণ প্রজন্মের ভাবনাকে ধারণ করি। বাংলাদেশকে মেধানির্ভর, জ্ঞাননির্ভর ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিএনপি বহু পরিকল্পনা হাতে নিয়েছে।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গৌরবময় উত্তরাধিকার আমরা। দেশের মানুষের অধিকার আদায়ে সংগ্রামে যারা জীবন বিসর্জন দিয়েছেন, তাদের সংগ্রামের উত্তরাধিকারও আমরা। আমাদের দল এ দেশের মানুষকে ধারণ করে।”

পথসভায় সুরাজপুরের হাজারো স্থানীয় বাসিন্দা সালাহউদ্দিন আহমদকে স্বাগত জানান। এ সময় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

-এমইউএম