মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দাবি করেছেন। এই ঘটনাটি ঘটেছে মার্কিন সামরিক বাহিনীর এক বিতর্কিত অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের মাত্র কয়েক দিন পরই।
ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করা ওই ছবির মাধ্যমে নিজেকে ২০২৬ সালের জানুয়ারি থেকে দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশটির ভারপ্রাপ্ত নেতা হিসেবে তুলে ধরেন। এর আগে গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্র মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে বিচারের মুখোমুখি করতে মাদুরো এবং তাঁর স্ত্রীকে কারাকাস থেকে তুলে নিয়ে নিউইয়র্কে হাজির করে।
মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে যে, অন্তর্বর্তী সময়ে যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা এবং এর তেল সম্পদ পরিচালনা করবে।
বর্তমানে ভেনেজুয়েলার নতুন সরকার ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করছে। এমনকি মার্কিন দূতাবাস পুনরায় চালু করা যায় কি না, তা খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল এখন কারাকাসে অবস্থান করছে।
-ডেস্ক রিপোর্ট










