অস্ট্রেলিয়ায় নিষেধাজ্ঞার জের: ৫ লক্ষাধিক অ্যাকাউন্ট সরিয়ে ফেলল মেটা

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার নতুন আইনের জেরে প্রযুক্তি জায়ান্ট মেটা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেডস থেকে ৫ লাখেরও বেশি কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে।

নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার এক মাস পর সোমবার মেটা জানায়, গত ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে তারা মোট ৫,৪৪,০৫২টি অ্যাকাউন্ট বন্ধ করেছে, যা ১৬ বছরের কম বয়সীদের বলে তারা শনাক্ত করেছে। এর মধ্যে ইনস্টাগ্রামের ৩,৩০,৬৩৯টি, ফেসবুকের ১,৭৩,৪৯৭টি এবং থ্রেডসের ৩৯,৯১৬টি অ্যাকাউন্ট রয়েছে।

মেটা এক ব্লগ পোস্টে উল্লেখ করেছে, “আইন মেনে চলা একটি চলমান ও বহুস্তরের প্রক্রিয়া, যা আমরা আরও উন্নত করব। তবে অনলাইনে বয়স নির্ধারণের কোনো সুনির্দিষ্ট শিল্প-মানদণ্ড (industry standard) না থাকায় বিষয়টি নিয়ে আমাদের উদ্বেগ রয়েই গেছে।”

২০২৫ সালের ১০ ডিসেম্বর থেকে টুইচ, ইউটিউব, টিকটক, এক্স (সাবেক টুইটার) ও স্ন্যাপচ্যাটসহ ১০টি প্ল্যাটফর্মে এই বয়স যাচাইকরণ প্রক্রিয়া শুরু হয়। তবে অস্ট্রেলিয়ার বিরোধী দল অভিযোগ করেছে যে, এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন দুর্বল। অনেক অ্যাকাউন্ট বন্ধ করার পরও আবার চালু হয়েছে এবং মেকআপ বা ভালো লাইটিং ব্যবহার করে ফেস-স্ক্যানিং বা বয়স যাচাইয়ের টুলগুলোকে সহজেই ফাঁকি দেওয়া যাচ্ছে। এছাড়া নিষিদ্ধ প্ল্যাটফর্মগুলো ছেড়ে কিশোর-কিশোরীরা এখন ইয়োপ (Yope) ও লেমন৮ (Lemon8)-এর মতো বিকল্প অ্যাপের দিকে ঝুঁকছে।

অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ বিশ্বজুড়ে নজর কাড়ছে। যুক্তরাজ্য সরকারও কিশোরদের জন্য একই ধরনের নিষেধাজ্ঞা আরোপের চাপে রয়েছে। তবে মেটা অস্ট্রেলিয়া সরকারের কাছে আবেদন জানিয়েছে, ঢালাও নিষেধাজ্ঞার পরিবর্তে কিশোরদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিতে শিল্পের সঙ্গে আলোচনার মাধ্যমে আরও কার্যকর কোনো পথ খুঁজে বের করার জন্য।

-ডেস্ক রিপোর্ট