কাল বা পরশুর মধ্যে ঘোষণা হবে জোটের আসন সমঝোতা : জামায়াত আমির

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, আগামীকাল বা পরশুর মধ্যে দলের জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২:৩০ টায় বসুন্ধরার কার্যালয়ে জামায়াতের আমির ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, “আপনাদের আগামীকালের মধ্যে দাওয়াত পাবেন, না হলে পরশুদিন। সবার সামনে আমরা একসঙ্গে আসব।” তিনি আরও জানান, নির্বাচনের পরে দেশীয় স্বার্থে খোলা মনে আলোচনা করতে চান, তবে এর সঙ্গে শর্তও থাকছে। তিনি বলেন, “নিঃশর্ত কেন হবে? আরেকজনের দায় জোর করে আমি কেন কাঁধে নেব। আমরা দেশকে স্বচ্ছ জবাবদিহিতার দিকে এগিয়ে নিতে চাই।”

ইইউ এবার নির্বাচনের জন্য ২০০ প্রতিনিধি পাঠাবে এবং তারা জেলা ও সিটি কর্পোরেশন এলাকা কাভার করবে। এর আগে ইউরোপীয় ইউনিয়ন কোনো প্রতিনিধি দল পাঠায়নি।

বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসানও উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনে আপিল শুনানি চলমান। আগামী ২১ জানুয়ারি থেকে নির্বাচনের প্রতীক বরাদ্দ ও প্রচার-প্রচারণা শুরু হবে। তবে এখনো জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন বণ্টন চূড়ান্ত হয়নি।

-এমিউএম