আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ময়মনসিংহ-৭ আসনের বিএনপি প্রার্থী লিটন

নির্বাচন কমিশনে আপিল করে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের ধানের শীষের প্রার্থী ডা. মো. মাহবুবুর রহমান লিটন তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ খবরে এলাকায় তার সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ডা. মাহবুবুর রহমান লিটন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বিষয়টি সংবাদমাধ্যমে তিনি নিশ্চিত করেন।

আপিল বিভাগের রায়কে ‘সত্যের জয়’ উল্লেখ করে ডা. লিটন বলেন, “এই বিজয় ত্রিশালবাসীর বিজয়, ধানের শীষের বিজয়। আমার বিরুদ্ধে যে মামলাটি ছিল, সেটি ছিল মিথ্যা। বিগত স্বৈরাচার সরকার সেটি প্রতিষ্ঠার চেষ্টা করলেও ব্যর্থ হয়, ফলে আমাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে ভুলবশত হলফনামায় ওই তথ্যটি উল্লেখ না করায় আমার প্রার্থিতা বাতিল করা হয়। আপিলে সেটি সংশোধন হয়েছে এবং আমাকে বৈধ ঘোষণা করা হয়েছে। এখন আর কোনো সংশয় নেই।”

তিনি আরও বলেন, “আশা করছি, সব ধরনের বিভেদ ভুলে সবাই নির্বাচনী মাঠে দলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ময়মনসিংহ জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ডা. মাহবুবুর রহমান লিটনের বিরুদ্ধে হলফনামায় নিজের নামে থাকা একটি মামলার তথ্য গোপনের অভিযোগ ওঠে। সে কারণে তখন তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল।

-এমইউএম