চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে হারিয়ে আফকন সেমিফাইনালে মিসর

ছবি : সংগৃহীত

রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে ৩–২ গোলে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে মিসর। শনিবারের হাইভোল্টেজ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রেকর্ড সাতবারের চ্যাম্পিয়নরা।

লিভারপুল ফরোয়ার্ড ওমর মারমুশ মাত্র চতুর্থ মিনিটেই ইমাম আশুরের নিখুঁত পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করে এগিয়ে দেনফ মিশরকে।

এরপর বল দখলে এগিয়ে থাকলেও আইভরি কোস্ট বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ৩২তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান ২–০ করেন মিশরের সেন্টারব্যাক রামি রাবিয়া।

প্রথমার্ধে প্রায় ৭০ শতাংশ বল দখলে রাখা আইভরি কোস্ট ৪০তম মিনিটে ম্যাচে ফেরে। ইয়ান দিয়োমান্দোর ফ্রি কিক থেকে বল মিশরের ডিফেন্ডার আহমেদ ফাতেহের হাঁটুতে লেগে জালে জড়ালে আত্মঘাতী গোলে স্কোরলাইন দাঁড়ায় ২–১।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার আঘাত হানে মিশর। ৫২তম মিনিটে আশুরের আরেকটি চমৎকার পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলের অধিনায়ক মোহাম্মদ সালাহ ব্যবধান বাড়িয়ে দেন ৩–১ এ।

৭৩তম মিনিটে গোলমুখের জটলা থেকে গুইলা দোয়ারে গোল করে আইভরি কোস্ট ব্যবধান কমালেও শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি তারা। শেষ ১৫ মিনিটে মিশরের রক্ষণে প্রচণ্ড চাপ সৃষ্টি করেও আর গোলের দেখা পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা।

এর ফলে দুই বছর আগে ঘরের মাঠে শিরোপা জেতা আইভরি কোস্টের শিরোপা ধরে রাখার স্বপ্ন কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে যায়। অন্যদিকে, কম সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত ফিনিশিংয়ের মাধ্যমে জয় নিশ্চিত করে মিশর।

বুধবার সেমিফাইনালে সেনেগালের মুখোমুখি হবে সালাহর মিশর। ওই ম্যাচে প্রতিপক্ষ দলে থাকবেন সালাহর লিভারপুল সতীর্থ সাদিও মানে।

-এমইউএম