জাতীয় দলের জার্সিতে সাম্প্রতিক সময়ে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারায় আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি রায়ান রিকেলটনের। তবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে আছেন বাঁহাতি এই ব্যাটার।
শনিবার চলমান আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করে দলকে বড় জয় এনে দেন তিনি।
জোবার্গ সুপার কিংসের বিপক্ষে ব্যাট করতে নেমে এমআই কেপটাউন গড়ে ২৩৪ রানের বিশাল সংগ্রহ। দলের হয়ে ৬০ বলে ৮টি চার ও ৯টি ছক্কায় অপরাজিত ১১৩ রান করেন রিকেলটন। এর মধ্য দিয়ে এসএ টোয়েন্টির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এক আসরে দুটি সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি।
গত ২৬ ডিসেম্বর শুরু হওয়া এবারের এসএ টোয়েন্টির উদ্বোধনী ম্যাচেও ডারবানস সুপার জায়ান্টসের বিপক্ষে ৬৩ বলে ১১৩ রান করেছিলেন রিকেলটন। যদিও সে ম্যাচে দল জয় পায়নি। পাঁচ ম্যাচের ব্যবধানে আবারও সমান ১১৩ রানের ইনিংস খেললেন ২৯ বছর বয়সি এই ব্যাটার। এমন ধারাবাহিক পারফরম্যান্স ৩১ জানুয়ারির আগে বিশ্বকাপ স্কোয়াডে ফেরার সম্ভাবনাও জাগিয়ে তুলছে।
জোহানেসবার্গের দা ওয়ান্ডারার্স স্টেডিয়ামে কেপটাউনের হয়ে রসি ভ্যান ডার ডুসেন ৩২ বলে ৬৫ রান করেন। তিনি ২৬ বলে এবং রিকেলটন ২৪ বলে ফিফটি পূর্ণ করেন। দুজনের উদ্বোধনী জুটি ছিল ১২৯ রানের। ডুসেন আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রিকেলটন। এ ছাড়া করিম জানাত ১১ বলে ২০ রান করেন। ফলে ২০ ওভারে ৩ উইকেটে ২৩৪ রান তোলে কেপটাউন।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় জোবার্গ সুপার কিংস। ৩৫ রানে তিন উইকেট হারায় তারা। একপ্রান্তে জেমস ভিন্স ৪৩ বলে ৭৭ রানের ইনিংস খেললেও জয়ের জন্য যথেষ্ট হয়নি। শেষ দিকে দিয়ান ফরেস্টার ৪২ বলে অপরাজিত ৮০ রান করেন। সব মিলিয়ে ৫ উইকেটে ১৯৮ রান তুলতে পারে জোবার্গ।
১১৩ রানের বিধ্বংসী ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন রিকেলটন। চলতি এসএ টোয়েন্টিতে ছয় ইনিংসে ৬৩.৪০ গড় ও ১৭২.২৮ স্ট্রাইকরেটে ৩১৭ রান নিয়ে তিনি আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক।
স্বীকৃত টি–টোয়েন্টিতে রিকেলটনের সেঞ্চুরি এখন তিনটি। আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি খেলেছেন ১৫ টেস্ট, ১৭ ওয়ানডে ও ১৮ টি–টোয়েন্টি। টেস্টে দুটি ও ওয়ানডেতে একটি সেঞ্চুরি থাকলেও, টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এখনো সেঞ্চুরির দেখা পাননি এই ব্যাটার।
-এমইউএম










