সাবেক মেয়র লিটনের ৪১টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ আদালতের

এ এইচ এম খায়রুজ্জামান লিটন।ছবি: সংগৃহীত

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নামে থাকা ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান আদালতে এ বিষয়ে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, খায়রুজ্জামান লিটন এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানের ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। এসব লেনদেন সংঘবদ্ধ অপরাধ ও অর্থ পাচারের সঙ্গে জড়িত, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর আওতাভুক্ত অপরাধ।

আবেদনে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, সংশ্লিষ্ট অপরাধ থেকে অর্জিত অর্থ লিটন ও তাঁর সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে এবং সেই অর্থ দিয়ে সম্পদ অর্জন ও ভোগবিলাসে ব্যবহার করা হয়েছে। বর্তমানে এসব অভিযোগের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং অভিযোগসংশ্লিষ্ট অর্থ যাতে উত্তোলন, পাচার বা অন্যত্র স্থানান্তর করা না যায়, সে জন্য ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি বলে আদালতকে জানানো হয়।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর গত ৬ মার্চ খায়রুজ্জামান লিটন, তাঁর স্ত্রী শাহীন আক্তার এবং দুই মেয়ে আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

আফরিনা সুলতানা/