‘এই অবেলায়’ গায়ক শেখ ইশতিয়াকের বিয়ে

দেশের সংগীতাঙ্গনে আলোচিত ব্যান্ড শিরোনামহীনের ভোকালিস্ট শেখ ইশতিয়াক জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর একটি ৩০০ ফিট এলাকার রিসোর্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে সংগীত অঙ্গনের বহু পরিচিত মুখ অংশ নেন এবং শিরোনামহীনের শিল্পীরাও গান পরিবেশন করেন।

বিয়েতে উপস্থিত থাকলেও পাত্রীর পরিচয় সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। শনিবার সন্ধ্যায় ব্যান্ড শিরোনামহীনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আনুষ্ঠানিকভাবে খবরটি জানানো হয়। পোস্টে লেখা হয়, “হ্যালো, আজ আমরা একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করব। ঠিকই শুনেছেন, আজ আমাদের শেখ ইশতিয়াকের বিয়ে। তার জীবনের এই নতুন ইনিংসের জন্য সবার কাছে দোয়া চাইছি।”

শেখ ইশতিয়াক, শিরোনামহীনের বর্তমান ভোকালিস্ট হিসেবে, গত কয়েক বছরে তরুণ প্রজন্মের মধ্যে শক্ত অবস্থান তৈরি করেছেন। তাঁর কণ্ঠে গাওয়া গান ‘এই অবেলায়’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি এই গানের সিক্যুয়েল ‘এই অবেলায় ২’ মুক্তি পেয়েছে, যা নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।

শিরোনামহীনের অন্যান্য সদস্যদের সঙ্গে ইশতিয়াকের পারফর্মেন্স এবং ব্যক্তিগত জীবন সংক্রান্ত এই নতুন তথ্য দেশের সংগীতপ্রেমীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তার নতুন জীবনধারায় সকলের শুভেচ্ছা ও দোয়া কামনা করা হচ্ছে।

বিথী রানী মণ্ডল/