ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল শুনানির প্রথম দিনে বড় জয় পেয়েছেন প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানি শেষে ৫১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে, একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) শুনানির দ্বিতীয় দিনে ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
শনিবার (১০ জানুয়ারি) আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পুরো কমিশন আপিলের শুনানি করেন। প্রথম দিনে নির্ধারিত ৭০টি আপিলের মধ্যে ৫১ জন তাদের প্রার্থিতা ফিরে পান। আপিল আবেদন খারিজ হয়েছে ১৫ জনের এবং ৩টি আবেদন অপেক্ষমান রাখা হয়েছে।
এদিন উল্লেখযোগ্যদের মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ এবং ঢাকা-৯ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।
নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, প্রথম দিনে প্রার্থিতা ফিরে পাওয়া দলীয় প্রার্থীদের মধ্যে রয়েছেন- জাতীয় পার্টি: ১৩ জন, খেলাফত মজলিস: ৫ জন, ইসলামী আন্দোলন: ৪ জন, জামায়াতে ইসলামী: ১ জন, বিএনপি: ১ জন, বাসদ ও জাগপা: ২ জন করে, এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন।
আজ রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি চলবে। আজকের তালিকায় রয়েছে ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আবেদন।
উল্লেখ্য, সারাদেশে রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩ জনের মনোনয়ন বাতিল করেছিলেন, যার বিপরীতে ৬৪৫ জন আপিল আবেদন জমা দিয়েছেন। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে এই শুনানি কার্যক্রম চলবে।