সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) ও সরকারি বাহিনীর মধ্যে নতুন করে তীব্র লড়াই শুরু হয়েছে। শুক্রবার ভোরে ঘোষিত যুদ্ধবিরতি ভেঙে শহরের শেখ মাকসুদ এলাকায় দুই পক্ষ ফের মুখোমুখি হয়। সংঘর্ষের ফলে আশরাফিহ ও শেখ মাকসুদ এলাকা থেকে প্রায় দেড় লাখ বাসিন্দা নিরাপত্তার খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
সিরীয় সরকার দাবি করেছে, খুব শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, শেখ মাকসুদ এলাকায় পূর্ণাঙ্গ নিরাপত্তা অভিযান শেষ হয়েছে। অভিযানে এসডিএফের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে এবং ভারী অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বাসিন্দাদের ঘরের বাইরে না বের হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে সেনাবাহিনীর এই ঘোষণার পরও কিছু এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ চলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এর আগে শুক্রবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ছয় ঘণ্টার জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে কুর্দি যোদ্ধাদের উত্তর-পূর্বাঞ্চলের আধা-স্বায়ত্তশাসিত এলাকায় ফিরে যাওয়ার আল্টিমেটাম দেয়। কিন্তু আলেপ্পোর কুর্দি কাউন্সিল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এরপর সেনাবাহিনী শেখ মাকসুদ এলাকায় বিমান ও ড্রোন হামলা শুরু করে।
চলমান সংঘর্ষে গত মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত এবং ১৭৩ জন আহত হয়েছেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এক বছরের মধ্যে আলেপ্পোয় এটি সবচেয়ে বড় সহিংসতার ঘটনা।
আহমেদ আল-শারা’র নেতৃত্বাধীন সিরীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলের তেলসমৃদ্ধ এলাকায় নিয়ন্ত্রণে থাকা কুর্দি বাহিনীকে জাতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতে চাচ্ছে। গত বছরের মার্চে এ বিষয়ে একটি চুক্তি হলেও বাস্তবায়ন ধীরগতির হওয়ায় দুপক্ষের মধ্যে আস্থার সংকট আরও গভীর হয়েছে।
আফরিনা সুলতানা/










