এ মুহূর্তে ব্যাংক ঋণের সুদ কমানোর সুযোগ নেই: অর্থ উপদেষ্টা

ড. সালেহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বর্তমান বাস্তবতায় ব্যাংক ঋণের সুদের হার কমানো এখন সম্ভব নয়। তিনি বলেন, ব্যাংকিং খাত আগের তুলনায় স্থিতিশীল হলেও এই সময়ে সুদহার হ্রাস করা সহজ হবে না। পাশাপাশি ব্যবসায়ী সমাজ ও অন্যান্য অংশীজনের সহযোগিতা ছাড়া শুধু সরকারের পক্ষে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাও কঠিন।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন, অর্থ উপদেষ্টা হিসেবে তিনি ব্যর্থ হবেন না এবং দ্রুত দেশকে এগিয়ে নেওয়াই তার বড় চ্যালেঞ্জ।

সিঙ্গাপুরের উদাহরণ টেনে ড. সালেহউদ্দিন বলেন, বাংলাদেশকে হুবহু সিঙ্গাপুরে রূপান্তরের কথা বলা হচ্ছে না, তবে ধৈর্য, নিষ্ঠা ও ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে একটি শক্তিশালী দেশ গড়ে তোলা সম্ভব। তিনি দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, মানুষের কল্যাণে কাজ করাই সবার প্রধান দায়িত্ব এবং ভবিষ্যতেও সবাইকে বাংলাদেশের জন্য একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থসচিব খাইরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, ব্যাংক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হাই সরকার, ব্যাংকিং অ্যালমানাকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পিপিআরসি চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমানসহ অন্যান্যরা।

আফরিনা সুলতানা/