তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

গুলশানে তারেক রহমানের সঙ্গে বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে সাক্ষাতের একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং বাংলাদেশের অগ্রগতিতে বেগম জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বৈঠকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয় বলে জানা গেছে। এছাড়া দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ১ জানুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকও গুলশানে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন।

-এম. এইচ. মামুন