দেশের আইনশৃঙ্খলা নিয়ে আমি সন্তুষ্ট না : মির্জা ফখরুল

সারাদেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক নেতাদের টার্গেট করে খুন করা হচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “গোটা দেশের মানুষ এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে। কিন্তু বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে আমি মোটেও সন্তুষ্ট নই। রাজনৈতিক নেতাদের খুন করা হচ্ছে। সরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কোনো কার্যকরী ভূমিকা নিতে পারেনি।”

সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফলের কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। ফ্যাসিবাদের আমলে ছাত্রদলের নেতাকর্মীরা কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি, যার ফলে তারা অনেকটা পিছিয়ে ছিল। অন্যদিকে অন্যান্য ছাত্র সংগঠনের ছেলেরা সেই সময় কাজ করার সুযোগ পেয়েছিল।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন উত্তরবঙ্গ সফর সম্পর্কে মির্জা ফখরুল জানান, এটি উনার ব্যক্তিগত সফর। তিনি বলেন, “তারেক রহমান দেশে ফেরার পর ঢাকায় লাখ লাখ মানুষের ঢল নেমেছিল। এখন জেলা পর্যায়ে উনার সফরের ফলে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারত করবেন তিনি। আমরা বিশ্বাস করি, এই সফর পিছিয়ে পড়া উত্তরবঙ্গের অর্থনীতিকে স্বনির্ভর করতে সহায়ক হবে।”

মতবিনিময়কালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহ-সভাপতি আবু তাহের দুলালসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম. এইচ. মামুন