এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতনের জিও জারি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর (২০২৫) মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই আদেশ জারি করে।

শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক সূত্র আজ দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, নিয়ম অনুযায়ী মাস শেষ হওয়ার আগেই শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার প্রস্তাব মাউশি থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয়ের পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ চূড়ান্ত অনুমোদন ও জিও জারি করা হলো। এখন মাউশি থেকে বেতন-ভাতার চেকগুলো নির্ধারিত অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) পাঠানো হবে।

আগামী রবি বা সোমবারের মধ্যে চেকগুলো ব্যাংকে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। এরপরই সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শাখা থেকে শিক্ষক-কর্মচারীরা তাদের নিজ নিজ অ্যাকাউন্টের মাধ্যমে ডিসেম্বর মাসের বেতন ও ভাতার অংশ উত্তোলন করতে পারবেন।

উল্লেখ্য, প্রতি মাসের মতো এবারও নির্দিষ্ট সময়ে বেতন ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় শিক্ষক সমাজের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে। তবে অনেক শিক্ষক নেতা সরকারি ও বেসরকারি বৈষম্য ঘোচাতে শতভাগ উৎসব ভাতার দাবি পুনরায় উত্থাপন করেছেন।

-এম. এইচ. মামুন