আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশের ক্রিকেটাঙ্গনে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। এর ধারাবাহিকতায় ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর স্পষ্ট করে জানান, নিরাপত্তাই তাদের প্রধান বিবেচ্য।
গতকাল রাতে সেই চিঠির জবাব পেয়েছে বিসিবি, যেখানে নিরাপত্তাজনিত উদ্বেগের বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে আইসিসি।
বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি নিরাপত্তার কারণে ভারতে খেলতে যাব না। আমাদের সঙ্গে শুধু খেলোয়াড় নয়, মিডিয়া, সমর্থক, সংগঠক এবং তাদের পরিবারও যুক্ত থাকে। একজন বড় ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে যদি এত প্রশ্ন থাকে, তাহলে এত মানুষের নিরাপত্তার দায় আমরা কীভাবে নেব?”
তিনি আরও বলেন, “দুর্ঘটনা ঘটলে দায়ভার নেওয়ার বিষয়টিও স্পষ্ট নয়। ওখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তার দায় কে নেবে? আমরা এই ঝুঁকি নিতে পারি না।”
খেলোয়াড়দের মানসিক প্রস্তুতির দিকটিও তুলে ধরেন আসিফ আকবর। তার ভাষায়, “খেলোয়াড়দের কাজ মাঠে নেমে ক্রিকেট খেলা। তারা যদি নিরাপত্তা নিয়েই চিন্তিত থাকে, তাহলে স্বাভাবিক পারফরম্যান্স কীভাবে দেবে? তাই আমরা আমাদের প্লেয়ার, দর্শক ও মিডিয়ার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”
বিকল্প ভেন্যু প্রসঙ্গে তিনি জানান, “বিসিবি কোনো সংঘাত বা অপ্রীতিকর পরিস্থিতি চায় না। আমরা চাই আইসিসি বিষয়টির একটি বাস্তবসম্মত সমাধান করুক। যেহেতু বিশ্বকাপের ভেন্যু ভারত ও শ্রীলঙ্কা,আমরা শ্রীলঙ্কায় খেলতে আগ্রহী।”
আইসিসির সঙ্গে আলোচনা এখনো চলমান। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা সংক্রান্ত পূর্ণাঙ্গ ব্যাখ্যা খুব শিগগিরই আইসিসির কাছে পাঠানো হবে। এরপরই বিশ্বকাপ ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
-মীর মোমিন










