সিটি ব্যাংক দিচ্ছে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ ও সেবা

নারীদের জন্য সিটি ব্যাংকের বিশেষায়িত ব্যাংকিং সেবা ‘সিটি আলো’–এর আওতায় নারী উদ্যোক্তারা পুনঃঅর্থায়ন সুবিধায় সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। পাশাপাশি জামানত ছাড়া দেড় কোটি টাকা এবং জামানতসহ সর্বোচ্চ সাড়ে পাঁচ কোটি টাকা পর্যন্ত ঋণের সুযোগ থাকছে।

ঋণ সুবিধা পেতে নারী উদ্যোক্তার ব্যবসা অন্তত এক বছর পুরোনো হতে হবে এবং বৈধ ট্রেড লাইসেন্স থাকতে হবে। জামানতভিত্তিক ঋণের ক্ষেত্রে নিবন্ধিত সম্পত্তি বন্ধক রাখা বাধ্যতামূলক। পুনঃঅর্থায়ন স্কিমে সুদহার নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশ এবং নিয়মিত ঋণ পরিশোধ করলে গ্রাহক পাবেন ১ শতাংশ ক্যাশব্যাক।

আলো এন্ট্রাপ্রেনিউর ফাইন্যান্স

নারী উদ্যোক্তাদের জন্য সিটি আলোর আওতায় চালু রয়েছে ‘আলো এন্ট্রাপ্রেনিউর ফাইন্যান্স’। এই সেবার মাধ্যমে কুটির ও ক্ষুদ্র শিল্পের নারী উদ্যোক্তারা ১ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। প্রতিষ্ঠিত ছোট ব্যবসার ক্ষেত্রে জামানত ছাড়াই সর্বোচ্চ দেড় কোটি টাকা এবং জামানতসহ সাড়ে তিন কোটি টাকা পর্যন্ত ঋণের সুযোগ রয়েছে।

কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তারা সর্বোচ্চ তিন বছর এবং প্রতিষ্ঠিত ব্যবসাপ্রতিষ্ঠান পাঁচ বছর পর্যন্ত ঋণ পরিশোধের সময় পাবেন। ঋণ পেতে মাসিক আয় ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা হওয়া প্রয়োজন।

হিসাব খোলা ও প্রয়োজনীয় কাগজপত্র

হিসাব খোলার সময় আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা জন্মসনদ জমা দিতে হবে। ঠিকানা যাচাইয়ের জন্য বিদ্যুৎ, ওয়াসা বা বিটিসিএলের বিল এবং ব্যবসায়িক হিসাবের জন্য হালনাগাদ ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে। গ্রাহকের ব্যবসা ও লেনদেনের ধরন অনুযায়ী শাখা কর্তৃপক্ষ অতিরিক্ত কাগজপত্র চাইতে পারে।

সিটি ব্যাংকের সিটিজেন প্রায়োরিটি ও সিটি আলোর প্রধান ফারিয়া হক জানান, সিটি আলো বর্তমানে সাত লাখের বেশি নারী গ্রাহককে সেবা দিচ্ছে। এই উদ্যোগ নারীদের জন্য নিরাপদ, সহজ ও উদ্ভাবনী ব্যাংকিং নিশ্চিত করার পাশাপাশি তাদের আর্থিক স্বাবলম্বিতা ও আত্মবিশ্বাস বাড়াতে কাজ করছে।

নারীদের জন্য তিন ধরনের ঋণ

সিটি আলোর আওতায় নারী গ্রাহকেরা হোম লোন, পারসোনাল লোন ও অটো লোন নিতে পারবেন। হোম লোনে ৫ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, যা সম্পত্তির বাজারমূল্যের সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ২৫ বছর।

পারসোনাল লোনে ২ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণের সুযোগ রয়েছে, যার পরিশোধকাল সর্বোচ্চ ৫ বছর। অটো লোনে নতুন বা রিকন্ডিশন্ড গাড়ির জন্য ৩ লাখ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে এবং নগদ জামানত থাকলে শতভাগ অর্থায়নের সুবিধাও মিলবে।

অন্যান্য সুবিধা

রাজধানীর গুলশানে সিটি আলোর একটি আলাদা শাখা রয়েছে। এই সেবার আওতায় নারী গ্রাহকেরা বিভিন্ন ধরনের সেভিংস ও বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন, পাশাপাশি শরিয়াহভিত্তিক হিসাবের সুবিধাও পাবেন। হিসাবধারীরা ডুয়াল কারেন্সি ভিসা কার্ড ও আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন। এ ছাড়া নির্দিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা কোর্সে সর্বোচ্চ ৭০ শতাংশ স্কলারশিপে পড়াশোনার সুযোগও থাকছে।

-আফরিনা সুলতানা