৫ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, মঙ্গলবার দিবাগত শেষ রাত থেকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। একপর্যায়ে নৌ-পথের সিগন্যাল ও বাতি অস্পষ্ট হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে বুধবার ভোর ৪টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় নদীর দুপাড়ে আটকা পড়ে বেশ কিছু যানবাহন, ফলে কনকনে শীতের মধ্যে যাত্রী ও চালকদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “রাতের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব অনেক বেড়ে গিয়েছিল। নৌ-দুর্ঘটনা এড়াতেই আমরা ভোর ৪টার দিকে ফেরি পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিই। সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে যাওয়ায় আবার ফেরি চলাচল শুরু হয়েছে।”

তিনি আরও জানান, বর্তমানে এই নৌ-রুটে ছোট-বড় মিলিয়ে মোট ৬টি ফেরি নিয়মিত চলাচল করছে। ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাটে অপেক্ষায় থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যানজট নিরসনে কাজ করছে ঘাট কর্তৃপক্ষ।

-এম. এইচ. মামুন