বগুড়ায় ১০ বছরের কন্যাসন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

বগুড়া প্রতিনিধি
বগুড়ার গাবতলী উপজেলায় মোছাঃ দিপা আক্তার (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত সোমবার (৫ জানুয়ারি) সকালে চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। এ ঘটনায় তার মা মোর্শেদা বেগম বাদী হয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) গাবতলী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ দিপা আক্তার গাবতলী উপজেলার মড়িয়া গ্রামের দৌলতজ্জামানের মেয়ে। তার মায়ের নাম মোর্শেদা বেগম। যদিও তার বাবার বাড়ি পাঁচ মাইল এলাকায়, দিপা দীর্ঘদিন ধরে গোলাবাড়ি এলাকায় তার নানা আলহাজ্ব মো. আফজাল হোসেনের বাড়িতেই বসবাস করতেন। তার নানা একজন স্বনামধন্য ব্যক্তি এবং কৃষি বিভাগে চাকরি করতেন।

মেয়ের বিবরণ:
দিপার গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি। তিনি বিবাহিতা এবং তার ১০ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ও পরিবারের বক্তব্য
গাবতলী মডেল থানা সূত্রে জানা গেছে, নিখোঁজ দিপার সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। তার মা মোর্শেদা বেগম জানান, সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও মেয়ের কোনো সন্ধান না পেয়ে তিনি থানায় জিডি করতে বাধ্য হয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি ছবি দেখে দিপা আক্তারের সন্ধান দিতে পারেন, তবে গাবতলী মডেল থানার ওসির মোবাইল নম্বরে (০১৩০২১৬৬৬৭৯) যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

১০ বছরের সন্তানকে রেখে মায়ের এমন আকস্মিক নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।