সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইল। মঙ্গলবার (৬ জানুয়ারি) সেনাসদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পেশাগত সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বৈঠকে হাইকমিশনার সুজান রাইল বাংলাদেশের সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন।
জবাবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভবিষ্যতে দুই দেশের মধ্যে যৌথ সামরিক উদ্যোগ গ্রহণের সম্ভাবনার কথা উল্লেখ করেন। একইসঙ্গে তিনি সামরিক কূটনীতির পরিসর আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
এই সাক্ষাতের মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়।










