শীতকাল মানেই বিয়ের দাওয়াতের সঙ্গে থাকে চাপা উত্তেজনা- কী পরব, কীভাবে সাজব। সুন্দর পোশাক, হেয়ারস্টাইল আর মেকআপকে মিলিয়ে রাখার চেষ্টা, যেন লুক পুরোটা হয় নিখুঁত। সঠিক মেকআপ পুরো লুককে ধরে রাখে, পোশাককে আরও উজ্জ্বল করে এবং মুখের বৈশিষ্ট্যগুলো ফুটিয়ে তোলে। তবে শীতের শুষ্কতা, ঠান্ডার কারণে মেকআপ অনেক সময় দ্রুত ফিকে হয়ে যেতে পারে।
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কয়েকদিন আগে থেকে ত্বকের স্বাস্থ্য ঠিক করতে হবে। শীতে আমাদের ত্বক অনেক শুষ্ক হয়ে যায়, যার ফলে মেকআপ টিকে থাকে না বা মেকআপ মসৃণ হয় না। এ কারণে দেখা যায়, নিখুঁত মেকআপ করেও কয়েক ঘণ্টার মধ্যে সেটা ফিকে হয়ে যায় বা ফাটতে শুরু করে।
তাই শীত মৌসুমে একটা পারফেক্ট লুকের জন্য চাই একটু বাড়তি যত্ন আর কিছু স্মার্ট মেকআপ ট্রিকস।
সাধারণত শীতকালে আমাদের ত্বক অনেক বেশি শুষ্ক ও ডিহাইড্রেটেড হয়ে পড়ে। তাই মেকআপ করার আগে আমাদের ত্বকের ধরন কেমন তা জেনে নিতে হবে। সাধারণত ৩ ধরনের ত্বক হয়ে থাকে – ড্রাই, নরমাল, কম্বিনেশন বা অয়েলি (তৈলাক্ত)। তবে অনেকের সেনসিটিভ বা সংবেদনশীল ত্বকও হয়ে থাকে।
- ড্রাই বা শুষ্ক ত্বকের জন্য : শুষ্ক ত্বকের জন্য তৈরি ফাউন্ডেশনগুলো হাইড্রেশন, উজ্জ্বলতা এবং একটি নন-টাইট ফিনিশ প্রোডাক্ট ব্যবহার করুন। যে ফাউন্ডেশন ব্যবহার করবেন তা যেন ডিউই ফিনিশ দেয়, এতে ত্বকে একটি গ্লোয়িং ভাব দেখা দেবে।
- অয়েলি বা তৈলাক্ত ত্বকের জন্য : হালকা বা ম্যাট ফিনি ফাউন্ডেশন বেছে নিন। তবে ফাউন্ডেশন যেন খুব বেশি ড্রাই না হয় তা খেয়াল রাখুন। তৈলাক্ত ত্বকের জন্য ম্যাট ফিনিশিং, অয়েল-ফ্রি, নন-কমেডোজেনিক, লং-লাস্টিং এবং ওয়াটার প্রুফ ফাউন্ডেশন ভালো, যা অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে ত্বককে সতেজ রাখে।
- কম্বিনেশন বা মিশ্র ত্বকের জন্য: কম্বিনেশন বা মিশ্র ত্বকের জন্য হালকা থেকে মাঝারি কভারেজযুক্ত, অয়েল-ফ্রি, নন-কমেডোজেনিক লিকুইড বা সিরাম ফাউন্ডেশন সেরা, যা টি-জোনকে ম্যাট রাখে কিন্তু শুষ্ক অংশে টান ধরে না।
- সেনসিটিভ বা সংবেদনশীল ত্বকের জন্য: বাছাই করুন এমন প্রোডাক্টস, যা কোনো গন্ধমুক্ত এবং ত্বকে হালকা অনুভূতি দেয়। এতে ত্বকে জ্বালাপোড়া হওয়ার আশঙ্কা কম থাকবে।
খেয়াল রাখতে হবে, যাতে মেকআপ করার আগে ত্বক ময়েশ্চারাইজ থাকে, ত্বকে পর্যাপ্ত ময়েশ্চারাইজার ব্যবহার না করলে কোনো প্রোডাক্টই ভালোভাবে বসবে না। তাই আগে থেকেই ত্বক হাইড্রেট রাখতে হবে। মেকআপের আগে ত্বক ভালো করে ক্লিনজার ও এক্সফোলিয়েটর দিয়ে মুখ পরিষ্কার করুন, এরপর টোনার ও হাইড্রেটিং সিরাম ব্যবহার করে আর্দ্রতা জোগান, আই ক্রিম লাগান, ময়েশ্চারাইজার দিয়ে আর্দ্রতা ধরে রাখুন এবং সবশেষে প্রাইমার লাগিয়ে মেকআপের জন্য একটি মসৃণ ভিত্তি তৈরি করুন। এতে মেকআপ দীর্ঘস্থায়ী হয় এবং ত্বক মসৃণ দেখায়।
সঠিক ফাউন্ডেশন বেছে নেওয়া
বিয়ের সাজে ফাউন্ডেশন নির্বাচন করাও খুবই গুরুত্বপূর্ণ। ওয়াটারপ্রুফ বা লংওয়্যারিং ফাউন্ডেশন ব্যবহার করলে ঘাম বা আর্দ্রতা মেকআপকে নষ্ট করতে পারে না। ফাউন্ডেশন পাতলা লেয়ারেই লাগানো ভালো, কারণ ধীরে ধীরে লেয়ার বিল্ড আপ করলে এটি ভারী বা অপ্রাকৃতিক দেখাবে না। কনট্যুর ও ব্লাশের ক্ষেত্রে প্রথমে ক্রিম বেস ব্যবহার করুন, তারপর হালকা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করুন। এই পদ্ধতি মেকআপকে দীর্ঘস্থায়ী রাখে এবং ত্বকে স্বাভাবিক ও সুন্দরভাবে বসতে সাহায্য করে।
চোখের মেকআপ
আইলাইনার বা আইশ্যাডো লংলাস্টিং প্রোডাক্ট ব্যবহার করুন। ওয়াটারপ্রুফ মেকআপ বেছে নিলে ঘাম বা আর্দ্রতা মেকআপ নষ্ট করতে পারে না। চোখের নিচে হালকা কনসিলার লাগিয়ে সেটিং পাউডার ব্যবহার করলে ব্ল্যাক সার্কেল বা ক্রিমি লুক কমে। মাসকারা, আইলাইনার এবং অন্যান্য আই-মেকআপ প্রোডাক্টও ওয়াটারপ্রুফ ও স্মাজপ্রুফ হলে মেকআপ দীর্ঘস্থায়ী থাকে এবং চোখের চারপাশ সবসময় সুন্দর দেখাবে। এরপর হালকা শেড দিয়ে শুরু করে ধীরে ধীরে গাঢ় শেড ব্লেন্ড করা, চোখের ভেতরের কোনায় হাইলাইটার ব্যবহার করা এবং সবশেষে আইলাইনার ও মাসকারা দিয়ে ফিনিশিং দেওয়া, যা চোখকে আকর্ষণীয় ও বড় দেখাতে সাহায্য করে।
লিপস্টিক টিপস
লিপস্টিককে দীর্ঘ সময় ধরে রাখার জন্য প্রথমে লিপ বাম ব্যবহার করে ঠোঁট প্রিপারেশন করুন। এরপর লিপ লাইনার দিয়ে আউটলাইন তৈরি করুন। তারপর লিপস্টিক লাগিয়ে টিস্যু দিয়ে অতিরিক্ত রিমুভ করুন। চাইলে আবার একটি লেয়ার লাগিয়ে সেটিং স্প্রে করুন।
সেটিং পাউডার ও স্প্রের ব্যবহার
সেটিং পাউডার ও স্প্রে মেকআপ দীর্ঘস্থায়ী করতে ব্যবহৃত হয়; পাউডার (সেটিং পাউডার) মূলত তেল নিয়ন্ত্রণ ও ম্যাট ফিনিশের জন্য ফাউন্ডেশনের পরে ব্রাশ বা স্পঞ্জ দিয়ে লাগানো হয়, আর স্প্রে (সেটিং স্প্রে) মেকআপের শেষে পুরো লুক সেট ও ফিক্স করার জন্য ব্যবহার করা হয়, যা প্রাকৃতিক বা ডিউই ফিনিশ দেয়।
বিয়েবাড়িতে থাকলে ছোট একটি টাচ-আপ কিট কাছে রাখুন। সেখানে ব্লটিং পেপার, লিপ কালার, প্রেসড পাউডার এবং ট্রাভেল-সাইজ সেটিং স্প্রে রাখুন। এতে ছোটখাটো টাচ-আপের মাধ্যমে সারাদিন ফ্রেশ লুক বজায় রাখা যায়।
সাবিনা নাঈম










