রাজশাহীর সাহেব বাজার, গুড়পট্টিতে বোয়ালিয়া মৌজার, আর.এস ৫৮৭৫ নং দাগে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনের দক্ষিণ দিকে অবস্থিত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কিছু জায়গা এবং পূর্ব-পশ্চিমে রাজশাহী সিটি করপোরেশনের কিছু জায়গা অবৈধভাবে দখল নিয়ে আলী হোসেন নামে এক ব্যবসায়ী বহুতল ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী রিয়াজ উদ্দিন ও সাইফুল ইসলাম রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে ভবনের ব্যাপারে অভিযোগ করলে অবৈধ বহুতল ভবনের মালিক কোন প্রকার বিল্ডিংয়ের নকশা বা অনুমোদন দেখাতে পারেননি।
স্থানীয় জনসাধারণের ভাষ্যমতে- অভিযুক্ত আলী হোসেন রাতের আধারে কিছু বহিরাগত লোকজন দিয়ে রাতারাতি ভবনের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। তারা অভিযোগ করে বলেন, যেহেতু এই বহুতল ভবনের কোন অনুমোদন নাই তাই যেকোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে এতে করে বহু জানমালের ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে এই আলী হোসেন বিভিন্ন লোকজনকে ম্যানেজ করে তার এই অবৈধ বহুতল ভবন টিকিয়ে রাখার চেষ্টা করছেন। ইতিমধ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আর.ডি.এ.) থেকে এই অবৈধ ভবনে কোন প্রকার বিদ্যুৎ সংযোগ প্রদান না করার জন্য এবং ওই ভবনের জন্য আলী হোসেন যেসব সংযোগ বিভিন্নভাবে নিয়েছেন তা বিচ্ছিন্ন করার জন্য রাজশাহী নর্দান ইলেকট্রিসিটি লিমিটেডকে লিখিত অনুরোধ জানিয়েছেন।
মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি










