দেশের ভোজ্যতেলের বাজারে সরবরাহ স্থিতিশীল রাখতে অন্তর্বর্তী সরকার থাইল্যান্ড থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, এই আমদানিতে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১৭৮ কোটি ৪৭ লাখ টাকা। সে অনুযায়ী প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৩১ টাকা ৪৭ পয়সা।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে থাইল্যান্ডের প্রাইম ক্রপ ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেডের কাছ থেকে সয়াবিন তেল কেনা হবে।
বৈঠকে সয়াবিন তেলের পাশাপাশি দেশের জরুরি চাহিদা পূরণে মসুর ডাল, সার ও জ্বালানি তেল আমদানির পৃথক প্রস্তাবও অনুমোদন করা হয়। এসব পণ্য দ্রুত আমদানির মাধ্যমে বাণিজ্য ও কৃষিখাতের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, পণ্য আমদানিতে স্বচ্ছতা ও দ্রুততাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তার মতে, এই উদ্যোগ ভোজ্যতেলের বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে এবং রমজানসহ আসন্ন সময়ে কোনো ধরনের ঘাটতির আশঙ্কা থাকবে না।
আফরিনা সুলতানা/










