নির্দলীয় সরকারের অধীনে এবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে

অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় এর দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন,আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এদেশের মানুষের আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবেন। গণভোটে, ভোটারেরা তাদের ইচ্ছামতো ভোট দিতে পারবেন, এতে কেউ বাধা দিতে পারবে না, সে ব্যবস্থা করা হয়েছে।

গত ৯ জানুয়ারি দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সারা দেশব্যাপী পরিচালিত ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরন কর্মসূচি ভোটের গাড়ি পরিদর্শন অনুষ্ঠানের সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান তার বক্তব্যে এ কথাগুলো বলেন।

তিনি বলেন,বিগত সময়ে মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারেনি,ফলে এদেশে ছাত্র- জনতা জুলাই আন্দোলনে প্রতিবাদের মাধ্যমে তার প্রতিফলন ঘটিয়েছে। বিগত সময়ে মানুষ যাদের নির্বাচিত করতে চেয়েছিল, তাদের নির্বাচিত করতে পারেনি। এখন সময় এসেছে ভোটারেরা তাদের পছন্দর প্রার্থীকে নিজের ইচ্ছামত ভোট প্রদান করতে পারবেন। যে দল জয়যুক্ত হবে আমরা তার সাথেই থাকবো। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে যে গণ ভোট হতে যাচ্ছে, ওই ভোটে ভোটাররা তাদের পছন্দ মতো হ্যাঁ এবং না যে কোনো একটিতে ভোট দিতে পারবেন। এতে কেউ বাধা দিতে পারবে না।

তিনি বলেন, গণভোটে ৪টি দিক আছে। এই বিষয়গুলো আমরা একসঙ্গে বলেছি। ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য এবং দেশে অন্যায় ভাবে গুম, খুন, হত্যা বন্ধ করতে সংস্কার প্রয়োজন। সংস্কার করতে হলে, হ্যাঁ ভোট দিয়ে সংস্কারের পক্ষে সমর্থন দিতে হবে। আর যদি সংস্কার না চান,তাহলে না ভোট দিতে পারবেন। এতে কোন বাধ্য বাধ্যকতা নেই।

তিনি বলেন, জাতিসংঘের জরিপে বিগত সময়ে দেশে ১৪শ:জনগণ প্রাণ দিয়েছে এবং প্রায় ৩০ হাজার লোক বিভিন্ন ভাবে আহত হয়েছে, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে। আগামী দিনে যাতে এ ধরনের অন্যায় কাজ দেশে না হয়, এজন্য আমরা সংস্কার প্রস্তাবে গন ভোটের আয়োজন করেছি। দেশের মানুষের গণভোটের মাধ্যমে সংস্কার প্রস্তাবে রায় পাওয়া পাওয়া গেলে এসব বিষয় নিয়ে সংস্কার করা হবে।

তিনি বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচন কোন বাধা ধরা নির্বাচন নয়,বিগত সময়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে কেউ কাউকে ভোট প্রদানে বাধা দিতে পারবে না। দিনাজপুরে অনেক সংখ্যালঘু এবং আদিবাসী ভোটার রয়েছে। সরকার এখানকার জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এসব সংখ্যালঘু ও আদিবাসী পরিবার তাদের ভোট নির্বিঘ্নে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন আপনারা সকলে সহযোগিতা করুন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন আমরা যেন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত করতে পারি।

শুক্রবার সকালে দিনাজপুর গোড়- এ শহীদ বড় ময়দানে ভোটের গাড়ি পরিদর্শন আয়োজিত সভায় দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালক মোঃ আব্দুল জলিল। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ সাইফুল ইসলাম , বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ রেজানুর রহমান, রংপুরের জেলা প্রশাসক মোঃ এনামুল আহসান,জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, দিনাজপুরের জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম প্রমুখ।

এ সময় দিনাজপুর জেলা প্রশাসন, জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা,বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন স্কুল কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ,সুধীজন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন স্থানীয় সরকারের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন। শেষে ভোটের গাড়ির টিমের সদস্যরা দেশের গান পরিবেশন করেন।

এরপর দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত শহরের বিভিন্ন উন্নয়নমূলক(সড়কের কাজ) রাস্তার কাজের পরিদর্শন করেন উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান।

অপরদিকে সর্বশেষে দিনাজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে সদরের ৯ নং আস্করপুর ইউনিয়নের খানপুর ঢোলখৈর,ছাইতনতলা মোড়ের নাহিদ পারভেজ এর বাড়ির উঠানে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল করিম খান।

-মো. ইউসুফ আলী, দিনাজপুর