ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর টানা হুমকি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে মুক্ত করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে গত কয়েকদিন ধরে মোস্তাফিজকে বাদ দেওয়ার দাবিতে উত্তাল ছিল ভারতের রাজনীতি। অবশেষে বিসিসিআইয়ের হস্তক্ষেপে আইপিএল থেকে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হলো।
শনিবার এক বিবৃতিতে কেকেআর জানায়, ‘বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী যথাযথ প্রক্রিয়া ও পারস্পরিক পরামর্শের মাধ্যমে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে মুক্ত করা হয়েছে।’ এর আগে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে কেকেআর-কে এই নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ‘সাম্প্রতিক পরিস্থিতি’ বলতে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি, তবে এটি যে ভূ-রাজনৈতিক উত্তেজনার ফল, তা এখন স্পষ্ট।
মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম ও ধর্মীয় গুরু দেবকীনন্দন ঠাকুর। সঙ্গীত সোম বলেন, ‘এটি ১০০ কোটি হিন্দুর জয়।’ অন্যদিকে, এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার সদস্য শশী থারুর। তিনি প্রশ্ন তোলেন, ‘আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?’
সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল এই ঘটনাকে ‘ওপর মহলের চাপ’ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘খেলাধুলার ভেতর রাজনীতির এই অনধিকার প্রবেশ মোটেও ভালো লক্ষণ নয়। আমি জানি না ক্রিকেট কোন দিকে যাচ্ছে।’
আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। যেভাবে বাংলাদেশি ক্রিকেটারদের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, তাতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাবেক জাতীয় ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হক বলেন, ‘মোস্তাফিজ ইস্যুর পর আমাদের ক্রিকেটারদের জন্য ভারত সফর করা ঝুঁকিপূর্ণ। বিসিবি ও সরকারকে দ্রুত আলোচনার মাধ্যমে এর সুরাহা করতে হবে।’ বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ক্রিকেটারদের নিরাপত্তাই তাদের কাছে প্রধান অগ্রাধিকার। এই বিষয়ে শনিবার রাতে বিসিবির গুরুত্বপূর্ণ এক বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে।
উল্লেখ্য, গত নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। তিনি ছিলেন আসন্ন আইপিএলের একমাত্র বাংলাদেশি খেলোয়াড়। কিন্তু হিন্দুত্ববাদী সংগঠনগুলোর ‘পিচ খুঁড়ে ফেলা’ এবং শাহরুখ খানকে কলকাতায় ঢুকতে না দেওয়ার হুমকির মুখে শেষ পর্যন্ত নতি স্বীকার করল ফ্র্যাঞ্চাইজিটি।
বর্তমানে মোস্তাফিজ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন। মাঠের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকলেও মাঠের বাইরের রাজনীতিই এখন বড় বাধা হয়ে দাঁড়াল ‘কাটার মাস্টারের’ জন্য।
-এম. এইচ. মামুন










