তাসনিম জারার পর এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করলেন তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ। তিনি দলটির যুগ্ম আহ্বায়কের পাশাপাশি পলিসি ও রিসার্চ উইংয়ের প্রধানের দায়িত্বেও ছিলেন।
আনুষ্ঠানিকভাবে তিনি ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করে বুধবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর লেখা এক চিঠিতে খালেদ সাইফুল্লাহ বলেছেন, ‘আমি এনসিপির সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করছি।’ চিঠিতে তিনি আর কিছুই লেখেননি। এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকেও এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
এর আগে গত রোববার বিকেলে জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনি আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এই আলোচনা চূড়ান্ত হলে আগের দিন এনসিপি থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের দায়িত্বে ছিলেন। ঢাকা-৯ সংসদীয় আসনে এনসিপির মনোনীত প্রার্থীও ছিলেন তিনি।
এনসিপি থেকে পদত্যাগের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন ঢাকা মেডিকেল কলেজ ও যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী তাসনিম জারা।
জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনি সমঝোতাকে কেন্দ্র করে তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহসহ এখন পর্যন্ত অন্তত আটজন নেতার দলটি থেকে পদত্যাগের খবর পাওয়া গেছে। এর বাইরে অন্তত পাঁচজন নেত্রী এ বিষয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন, যাদের মধ্যে দুজন এনসিপির মনোনীত প্রার্থী হয়েও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
মামুন/










