ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম তিন দিনে বিএনপি ও জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থীসহ ৪১১ জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। বাতিল হওয়া প্রার্থীদের বড় একটি অংশ স্বতন্ত্র হলেও এতে রয়েছেন বিএনপির ৩ জন এবং জামায়াতের ৬ জন প্রার্থী। এমন পরিস্থিতিতে রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রার্থীরা। তবে নির্বাচন কমিশন (ইসি) আশ্বস্ত করেছে যে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং সংক্ষুব্ধরা আগামীকাল সোমবার থেকে আপিল করতে পারবেন। বাছাইয়ে বাদ পড়া প্রধান প্রার্থীদের মধ্যে রয়েছেন-
বিএনপি: মামলা ও ঋণের তথ্য গোপন এবং দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ময়মনসিংহ-৬ এর ডা. মাহবুবুর রহমান লিটন, শেরপুর-২ এর ফাহিম চৌধুরী এবং যশোর-৪ আসনের টি এস আইয়ুবের মনোনয়ন বাতিল হয়েছে। তবে যশোর-৪ আসনে বিকল্প প্রার্থী থাকায় আসনটি এখনো বিএনপির হাতে রয়েছে।
জামায়াত: এমপিওভুক্ত শিক্ষক হওয়া, ক্রেডিট কার্ডের কিস্তি খেলাপি এবং মামলার পূর্ণাঙ্গ তথ্য না দেওয়ার অভিযোগে গাইবান্ধা-১, যশোর-২, জামালপুর-৩, ঢাকা-২, কুমিল্লা-৩ এবং কক্সবাজার-২ আসনের প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে। কক্সবাজার-২ আসনের হামিদুর রহমান আযাদ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন।
মনোনয়ন বাতিল হওয়া অনেক প্রার্থী অভিযোগ করেছেন, এমপিওভুক্ত শিক্ষক হওয়ার মতো ‘ঠুনকো’ অজুহাতে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এনসিপি অভিযোগ করেছে, রিটার্নিং কর্মকর্তারা কোনো কোনো ক্ষেত্রে নমনীয় আচরণ করছেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “আইনের বাইরে কারও মনোনয়ন বাতিল করার সুযোগ নেই। এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন, তাই যারা এই কারণে বাদ পড়েছেন তারা আপিলে প্রার্থিতা ফিরে পাবেন।”
ঢাকা-৯ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়ন বাতিল হয়েছে ১ শতাংশ ভোটারের সই যাচাইয়ে গরমিল থাকায়। তাসনিম জারা জানান, ইসির তালিকায় ভোটার এলাকা স্থানান্তরের তথ্য হালনাগাদ না থাকায় এই বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।
আজ রোববার মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন। যারা বাদ পড়েছেন তারা আগামীকাল ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সরাসরি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলের জন্য মূল মনোনয়নপত্রের সাথে সাতটি অনুলিপি জমা দিতে হবে। সেখানেও সমাধান না মিললে প্রার্থীরা উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারবেন।
আলোকিত স্বদেশের প্রতিনিধিরা জানিয়েছেন, গাজীপুরে ১৯, ময়মনসিংহে ১১, রাজশাহীতে ১৯, রংপুরে ১২, মৌলভীবাজারে ৫, শরীয়তপুরে ১০, সিরাজগঞ্জে ৬, চাঁপাইনবাবগঞ্জে ৩, ফরিদপুরে ৫, হবিগঞ্জে ১০, জয়পুরহাটে ৭, রাজবাড়ীতে ৫, ঝালকাঠিতে ৯, ব্রাহ্মণবাড়িয়ায় ৭, ঝিনাইদহে ৪, পাবনায় ৪, সাতক্ষীরায় ১০, সুনামগঞ্জে ১৩, কক্সবাজারে ৫, কিশোরগঞ্জে ১০, ভোলায় ৩, বগুড়ায় ৫, চাঁদপুরে ১৭, কক্সবাজারে ৫, চট্টগ্রামে ১, কুমিল্লায় ৩১, জামালপুরে ১২, মেহেরপুরে ৬, নেত্রকোনায় ৫, নোয়াখালীতে ১৫, পঞ্চগড়ে ৭, টাঙ্গাইলে ১৯, বাগেরহাটে ৫ এবং মাগুরায় ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
-এম. এইচ. মামুন










