হলফনামায় অসংগতি: মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি ও বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাছাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত জানান।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, মাহমুদুর রহমান মান্না তার হলফনামায় সম্পদের বিবরণীর নির্ধারিত ফরম দাখিল করেননি। হলফনামায় এই বড় ধরনের অসংগতির কারণেই তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে বগুড়া-২ আসনে বিএনপি থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে শুরু থেকেই তার প্রার্থিতা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। এর আগে তার নাম ঋণখেলাপির তালিকায় থাকায় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

মনোনয়নপত্র বাতিল হলেও মাহমুদুর রহমান মান্নার সামনে এখনো আইনি পথ খোলা রয়েছে। বিধি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার সুযোগ পাবেন।

-এম. এইচ. মামুন