নির্বাচনে গুজব ও অপতথ্য রোধে সাংবাদিকদের সহায়তা চাইলেন তথ্য সচিব

গুজব ও অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিহার্য উল্লেখ করে আগামী নির্বাচনে গুজব মোকাবিলায় সংবাদকর্মীদের সক্রিয় সহায়তা চেয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, “গুজব ও অপতথ্য রোধে আপনারা আমাদের সহায়তা করবেন। আমরা সবাই মিলে হাতে হাত ধরে কাজ করলে দেশ একটি সুষ্ঠু পরিণতির দিকে যাবে।”

শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) সেমিনার কক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য আয়োজিত ‘নির্বাচন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গণভোট নিয়ে জনসচেতনতা: আসন্ন গণভোট নিয়ে দেশের সাধারণ ভোটারদের সচেতন করতে গণমাধ্যমকর্মীদের লেখনীর ওপর জোর দেন তথ্য সচিব। তিনি বলেন, “বর্তমানে আপনাদের ক্ষুরধার লেখনী অত্যন্ত জরুরি। আমরা সবাই মিলে গণভোট নিয়ে ভোটারদের সচেতন করব।”

সচিব জানান, প্রান্তিক মানুষকে গণভোট সম্পর্কে অবহিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। দেশের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলায় মাল্টিমিডিয়া ব্যবহার করে ‘ভোটালাপ’, উঠান বৈঠক ও ১০ মিনিটের ব্রিফিং সেশন পরিচালনা করা হচ্ছে। এমনকি ‘তথ্যআপা’ প্রকল্পের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে সাধারণ মানুষকে গণভোটের নিয়মকানুন শেখানো হচ্ছে।

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন: তরুণ প্রজন্ম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং নারীদের ভোটে অংশগ্রহণে উৎসাহিত করতে মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন মাহবুবা ফারজানা। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

পিআইবির পরিচালক কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব রিয়াসাতুল ওয়াসিফ এবং পিআইবির জ্যেষ্ঠ প্রশিক্ষক গোলাম মুর্শেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল। দুই দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ৫০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।

–লামিয়া আক্তার