খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক: আজ সারাদেশের মসজিদে বিশেষ দোয়ার আহ্বান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২ জানুয়ারি) দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ এই সংস্থাটি গতকাল এক চিঠির মাধ্যমে এই নির্দেশনার কথা জানায়।
ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আজ বাদ জুমা বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই সময়ে বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল বিভাগীয় ও জেলা কার্যালয়কে তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে সকল মসজিদে দোয়া মাহফিল আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শোকাতুর পরিবেশে আজ জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের প্রতিটি পাড়া-মহল্লার মসজিদে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে ধর্মপ্রাণ মুসল্লিরা মোনাজাতে অংশ নেবেন।

 

-এম. এইচ. মামুন