শ্রীপুরে নির্ধারিত দামের চেয়ে দু‘শ টাকা বেশিতে বিক্রি হচ্ছে এলপিজি

গত মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৫৩ টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষিত এ দামে গাজীপুরের শ্রীপুরের কোথাও এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বরং বিভিন্ন কোম্পানির ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৪৫০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গড়ে ২৪৭ টাকা বেশি। বিষয়টি নিয়ে বাজারে তদারকিও লক্ষ করা যায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

দেশের বাজারে অন্তত ২৪টি এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান পণ্যটি বাজারজাত করছে। তবে কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্যবৃদ্ধির বিষয়টি সম্পর্কে অবগত নন। তাদের দাবি, কোম্পানি ও পরিবেশক পর্যায়ে কমিশন নির্ধারিত দামেই পণ্যটি বাজারে সরবরাহ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে কমিশন নির্ধারিত দামের চেয়ে কম মূল্যে কোনো কোনো কোম্পানি বাজারে এলপিজি বিক্রি করছে।

স্থানীয় একজন পরিবেশক জানান, গত পাঁচদিন যাবৎ তিনি কোন এলপিজি গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না কোম্পানীর কাছ থেকে। এমন সুযোগকে বিক্রেতারা কাজে লাগিয়ে সিলিন্ডার সংকট অজুহাতে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছেন। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ।

উপজেলার বরমী বাজারের বাসিন্দা স্কুল শিক্ষক মোঃ কামরুল হাসান বলেন, “গত মাসেও ১২ কেজি গ্যাস সিলিন্ডার সাড়ে ১২শ’ টাকায় কিনেছি। এখন একই সিলিন্ডার কিনতে হচ্ছে এক হাজার চারশ পঞ্চাশ থেকে পাঁচশ টাকায়। আমাদের আয় তো বাড়েনি, উল্টো খরচ বেড়েই চলেছে। এভাবে চললে আবার জ্বালানি কাঠে অথবা বিকল্প জ্বালানীর দিকেই ফিরতে হবে।”

-মাহমুদুল হাসান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি৷