খুলনা নগরীতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে মন্টু শেখ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে দৌলতপুর থানাধীন মিনাক্ষী সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় মোটরসাইকেল চালক জিম গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মন্টু শেখ আড়ংঘাটা থানার দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা মোসলেম শেখের ছেলে। দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) জাকিরুল ফিরোজ জানান, মন্টু শেখ তার ইজিবাইকটি ওয়াল্টন প্লাজার পাশে রেখে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে রোড ডিভাইডারের সঙ্গে মাথায় আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক জিমও গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মোটরসাইকেলটি জব্দ করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
আফরিনা সুলতানা/










