আওয়ামী লীগ বা বিএনপি থেকে জামায়াতে যোগ দিলে তাদের জেল-হাজত ও থানা-পুলিশসহ যাবতীয় দায়দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য লতিফুর রহমান। গত মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফাটাপাড়া মদনমোড় এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি লতিফুর রহমানের বক্তব্যের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে লতিফুর রহমানকে বলতে শোনা যায়, ‘আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন। আপনাদের সব দায়দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানা—যেকোনো দায়দায়িত্ব আমরা নেব ইনশাল্লাহ।’ তিনি আরও যোগ করেন, ‘আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে জয়েন করেন। আপনারা বিএনপি থেকে জামায়াতে জয়েন করেন। আপনাদের দায়িত্ব আমরা নেব। জামায়াতকে আইগল্যা (আগের) জামায়াত মনে করিয়েন না। এখনকার জামায়াত অনেক শক্তিশালী।’
অন্য একটি ভিডিওতে এই জামায়াত নেতা দাবি করেন, বর্তমানে এলাকার সব সমস্যা তিনিই সমাধান করছেন। তিনি বলেন, ‘নবাবগঞ্জের সমগ্র সমস্যা এখন লতিফুর রহমান দেখে। হ্যালো ওসি সাহেব, হ্যালো এসপি সাহেব, হ্যালো ডিআইজি সাহেব—লতিফুর রহমান করে। কোনো লিডারের কাছে মানুষ যায় না। যারা আওয়ামী লীগ থেকে এসেছেন, নির্দ্বিধায় এখানে থাকবেন। আপনাদের আইন-আদালত, কোর্ট-কাচারি, থানা—আমরা দায়িত্ব নেব।”
উঠান বৈঠকে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না। এটা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ বলছেন, আমি তোমাদের ভালো কাজের, মন্দ কাজের জাররা জাররা হিসাব নেব।’
এ বিষয়ে আজ বৃহস্পতিবার সকালে লতিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বক্তব্যের সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি শুধু আওয়ামী লীগকে নয়, বিএনপির লোকজনকেও ইসলামের পথে ও জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছি।’ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো নেতা এখন পর্যন্ত তার দলে যোগ দিয়েছেন কি না—জানতে চাইলে তিনি জানান, এখন পর্যন্ত কোনো পর্যায়ের নেতা যোগ দেননি।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে একজন রাজনৈতিক নেতার ‘থানা ও জেলখানার দায়িত্ব নেওয়া’ সংক্রান্ত এমন বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
-এম এইচ মামুন










