পঞ্চগড়ের বোদায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা পড়ছেন এলাকাবাসী। ছবি- জনকন্ঠ।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বোদা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ গায়েবানা জানাজায় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জানাজার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও রায়হানুল আলম, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট জাকির হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবদান, আন্দোলন-সংগ্রামে তার নেতৃত্ব এবং আপোষহীন রাজনৈতিক অবস্থানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান তারা।

গায়েবানা জানাজা শেষে বোদা উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা হকিকুল ইসলাম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

মালিহা নামলাহ