চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ছবি: প্রথম আলো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এই জানাজার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

জানাজার নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আবু দাউদ মুহাম্মদ মামুন। নামাজ শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর আত্মার শান্তি কামনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মসজিদ, মন্দির ও প্যাগোডাতেও প্রার্থনার আয়োজন করা হয়।

গায়েবানা জানাজায় উপস্থিত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, রাজধানীতে অনুষ্ঠিত মূল জানাজায় অংশ নিতে না পারায় অনেক শিক্ষার্থী ও শিক্ষক অনুতপ্ত ছিলেন। সে কারণেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই গায়েবানা জানাজার উদ্যোগ নেওয়া হয়। তিনি বলেন, যাঁকে মানুষ ভালোবাসে, আল্লাহ তাআলা নিশ্চয় তাঁর প্রতি দয়া করবেন।

জানাজায় আরও উপস্থিত ছিলেন সহ–উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী, কলেজ পরিদর্শক অধ্যাপক আমির মুহাম্মদ নসরুল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ এবং দেশনেত্রী খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ আনোয়ার হোসেন।

এ ছাড়া চাকসুর ভিপি মো. ইব্রাহীম, জিএস সাঈদ বিন হাবিবসহ বিভিন্ন সম্পাদক ও ছাত্রনেতারাও জানাজায় অংশ নেন।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সাবরিনা/